ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে খুনি হাসিনা ও তার সহযোগীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। যেখানেই তারা থাকুক, তাদের আটক করে থানায় পৌঁছে দেওয়া এবং বিচারের আওতায় আনা উচিত। শনিবার (২৫ অক্টোবর) ঢাকার শেখ মুজিবুর রহমান হল অডিটরিয়ামে ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডাকসু ভিপি বলেন, “জার্মানিতে নাৎসি বাহিনী নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে মুসোলিনিকে নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হাসিনা ও তার সহযোগীদের রাজনীতির কোনো স্থান নেই।”
সাদিক কায়েম বলেন, বাংলাদেশে রাজনীতি করবে শুধু বাংলাদেশপন্থিরা। যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, গুম ও খুনের সঙ্গে যুক্ত ছিল, তাদের রাজনীতিতে কোনো অধিকার নেই। গুম, খুন, গণহত্যা ও শিশুহত্যার সঙ্গে যুক্ত সকল রাষ্ট্রীয় কর্মকর্তা এবং কিলার জেনারেলদেরও বিচারের আওতায় আনা হবে। তিনি দাবি করেন, গত ষোল বছরে ফ্যাসিস্ট হাসিনাকে এই কাজে যারা সহযোগিতা করেছে, তাদেরও দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী অনেক আন্দোলন হয়েছে। এই আন্দোলনের নেতাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করে গুম করা হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে গুম হওয়া আমার সহযোদ্ধা আরমান ভাইসহ অনেককে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, তবে এখনও অনেকের খোঁজ পাওয়া যায়নি।
\r\n\r\n\r\n\r\n
সবককে উদ্দেশ্য করে তিনি বলেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও বারবার ফিরে আসার চেষ্টা করে। তাই সবাইকে একত্রিত হয়ে দল-মত নির্বিশেষে ফ্যাসিবাদ প্রতিহত করার কাজে নিয়মিতভাবে এগিয়ে যেতে হবে।





